আমি বিশ্বাস করি পড়ানোর জায়গায় বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয় । মেরে বোকে বা চোখ রাঙিয়ে তা হয় না । সেদিন বৈষ্ণব পদাবলী , বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণব রস তত্ত্বের মতো জটিল বিষয় বোঝাচ্ছি । সবাই বোঝার চেষ্টা করছে । অন্ততপক্ষে না বুঝলেও বোঝার ভান করছে । এমন সময় একটা প্রশ্ন উড়ে এলো । তবে যা বোঝাবার চেষ্টা করছিলাম তা নিয়ে নয় । এস আই আর নিয়ে প্রশ্ন । এই নিয়ে তার বাবা মা পরিবারের সবাই চিন্তিত । কার কি কি কাগজপত্র লাগবে এই তার জিজ্ঞাসা । আমিও বৈষ্ণব পদাবলী থেকে একশত আশি ডিগ্রি ঘুরে এস আই আর এ ঢুকে পড়লাম । জ্ঞান দিতে তো সবারই ভালো লাগে তারউপর দু কুড়ি পর তো আরও বেশি ভাললাগে । আমি বলে চলেছি এস আই আর কী , কী কী করতে হবে এমন সময় একটা মেসেজ এলো । হ্যাটস অ্যাপ এ । উপর থেকে নোটিফিকেশন টেনে দেখলাম ‘সাজানো বাগান’ থেকে এসেছে মেসেজ টা । প্রসঙ্গত সাজানো বাগান হলো আমার কলেজের বাংলা অনার্স ব্যাচ এর গ্রুপের নাম । মানে যাদের বোঝাচ্ছি তাদের থেকেই মেসেজ এলো ! সামনে বসে আছে আর মেসেজ করে প্রশ্ন জিজ্ঞেস করছে । বকা খায় খায় আর কী। কিন্তু মেসেজ টা দেখে না হেসে থাকতে পারলাম না । একটা ছবি তাতে লেখে --
“স্যার SIR বোঝাচ্ছে”
🖋️ Wasim Bari
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন