বৈশাখের দ্বিতীয় সপ্তাহ চলছে। ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজলেও সূর্যের তেজ জানান দিচ্ছে—বেলা বুঝি দুপুর গড়িয়েছে। সূর্যটা ঠিক মাথার ওপর আসন গেড়ে বসেছে, যেন আগুনের হলকা ছড়াচ্ছে চারদিকে। কাজের তাগিদে ঠিক সময়েই বেরিয়েছিলাম, কিন্তু মশাট তিন মাথার মোড়ে এসে বরাবরের মতো জ্যামে আটকে গেলাম। এই মোড়টা যেন চিরকালই অস্থির।
রাস্তার অনেক পেছনেই দাঁড়িয়ে থাকতে হলো আমায়। মাথার ওপর ঠা ঠা রোদ, মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। চারদিকের উত্তাপ আর ঘামের গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম। সামনে থাকা বাইক আর অটোচালকরা রোদের হাত থেকে বাঁচতে মরিয়া; জ্যাম ছাড়ানোর কোনো লক্ষণ নেই দেখে তারা অনবরত হর্ন বাজিয়ে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছে। কান ঝালাপালা করা সেই হর্নের শব্দে বাতাসের তপ্ত ভাবটা যেন আরও বেড়ে গেল।
এমন সময় জ্যামের উল্টো দিক থেকে দেখা গেল চারজন লোককে। কাঁধে তাদের বাঁশের খাটিয়া। সাদা কাপড়ে ঢাকা একটি নিস্প্রাণ দেহ বয়ে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। মৃত মানুষটার বয়স খুব বেশি হলে চৌষট্টি। এক অদ্ভুত জাদুকরী নীরবতা নেমে এল মুহূর্তেই। একটু আগে যারা অধৈর্য হয়ে হর্নের ওপর আঙুল চেপে ধরেছিল, তারা এক নিমেষেই শান্ত হয়ে গেল। হর্নের সুইচ ছেড়ে দিয়ে দ্রুত কপালে হাত ঠেকিয়ে প্রণাম সেরে নিল অনেকে। কেউ বা মাথা নিচু করে শ্রদ্ধা জানাল ।
কিন্তু সেই নিস্তব্ধতা খানিক পরেই ভেঙে গেল এক বাইকের আরোহী পাশ থেকে ফিসফিস করে, কিন্তু বেশ পরিষ্কার উক্তিতে—
"যাহ্! একটা ভোট কমে গেল!"
২৫শে এপ্রিল ২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন