“সবই তাঁর ইচ্ছা।” অনেকে খুব উচ্চাকাঙ্ক্ষী। কারও স্বপ্ন ডাক্তার হওয়ার, কারও উকিল হওয়ার, কারও বা আইপিএস অফিসার। আবার কেউ কেউ কল্পনাবিলাসী— তারা হতে চায় আকাশ, নদী, পাহাড়, পাখি। কিন্তু আমার চাওয়াটা একটু অন্যরকম। আমি হতে চাই এক পুরোনো মাজারের নিঃশব্দ বাসিন্দা। লম্বা দাড়ি— বহুদিনের অযত্নে জট পাকিয়ে গেছে। গায়ে কালো রঙের মলিন আলখাল্লা, মাথায় বাঁধা একটা সবুজ রুমাল। যত্নের অভাবে হাত-পায়ের চামড়া খসখসে, তবু শরীরজুড়ে ভেসে বেড়ায় তীব্র আতরের গন্ধ। হাতে থাকবে ময়ূর পালকের ঝাড়ু। আমি বসে থাকব নীরবে। দূর দূরান্ত থেকে মানুষ আসবে— নিয়ে আসবে তাদের অসুখ, তাদের দুঃখ, তাদের জমে থাকা দীর্ঘশ্বাস। সব কথা শুনে আমি শুধু মিষ্টি করে হাসব, আকাশের দিকে আঙুল তুলে বলব— “সবই তাঁর ইচ্ছা।” -Wasim Bari © 15 January 2026
“গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন”