তিতীন আজ স্কুলে গিয়ে দেখল, পুরো স্কুল সেজে উঠেছে ফুলে, ব্যানারে আর আলপনায়। ক্লাসরুমের বাইরে বিশাল এক পোস্টার ঝুলছে— "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি"। সে বোঝে, আজ বিশেষ কিছু হবে।

তিতীন কম কথা বলে, কিন্তু আজ তার মনে অনেক প্রশ্ন। সে ধীরে ধীরে গিয়ে বসে বাংলা স্যারের কাছে।
— "স্যার, ২১শে ফেব্রুয়ারি কেন এত গুরুত্বপূর্ণ?"
স্যার হাসলেন, তারপর বললেন, "১৯৫২ সালে, ঢাকার রাজপথে কিছু তরুণ তাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, যাতে বাংলা রাষ্ট্রভাষা হয়।"
তিতীন চুপচাপ শোনে, চোখে গভীর ভাবনা। স্যার আরো বলেন, "তাদের ত্যাগের ফলেই আজ আমরা নিজের ভাষায় কথা বলতে পারি। ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে, যাতে পৃথিবীর সব ভাষা বেঁচে থাকে।"
তিতীন জানে, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়; ভাষা মানে অনুভূতি, সংস্কৃতি, ইতিহাস। সে ভাবে, যদি ভাষা মুছে যায়, তাহলে কি মানুষের আত্মাটাও হারিয়ে যাবে?
স্কুলে ভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে, গান গায়—
"আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি…"
তিতীন গলা মেলায় না, কিন্তু তার মন গেয়ে ওঠে। ভাষার প্রতি ভালোবাসা তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়।
সন্ধ্যায় বাড়ি ফিরে সে খাতায় কিছু লিখে—
"ভাষা শুধু শব্দ নয়, ভাষা অনুভব। ভাষা হারালে মন নিঃসঙ্গ হয়ে যায়। আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি।"
সেই রাতে তিতীন স্বপ্ন দেখে, বিশাল এক গ্রন্থাগার, যেখানে সব ভাষার বই রক্ষিত আছে। সে ধীরে ধীরে এগিয়ে যায়, বাংলা ভাষার বই খুলে দেখে— তার নিজের লেখা কয়েকটি লাইন সেখানে জ্বলজ্বল করছে…
অনুগল্প:- ভাষার আলো
কলমে:- ওয়াসিম বারি ©
২১শে ফেব্রুয়ারি ২০২৫
ছবি:- সংগৃহীত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন