শীতের সকাল। এই দশটা বাজে । বাসস্ট্যান্ড থেকে নেমে রাস্তায় রোদে দাঁড়িয়ে আছি । বেশ আরাম বোধ হচ্ছে । বাস ধরবো। অনেকক্ষণ বাস নেই । মাঝে এক অটোওয়ালা এসে বলল -
“আজ চল্লিশ নম্বর বাস চলছে না , আমার গাড়িতে উঠে পড়ুন। সলপ পর্যন্ত ছেড়ে দিয়ে আসি ।”
সলপ থেকে তাহলে আর একটা বাস পাল্টাতে হবে। এখন পর্যন্ত দুটো বাস পালটাই করে দাঁড়িয়ে আছি । আর ভালো লাগছিল না । এদিকে দেরি হয়ে যাচ্ছে , তাই যাবারও একটা তাড়া আছে। অটোতে উঠতে যাব কি যাব .. এমন সময় পিছন থেকে এক ভদ্রমহিলা কোন ভূমিকা না করেই বলল --
“আমার সামনে দিয়ে দুটো বাস গেছে। বাস চলছে।”
আমি দোটানায় পড়ে গেলাম । মেয়েটা আরো দৃঢ়ভাবে বলল --
“অটোওয়ালা মিথ্যে কথা বলছে।”
এই কথাই অটোওয়ালা গেল চোটে । কটকট করে দেখল মহিলার দিকে । আমাকে আর একবার সাবধান করে দিয়ে বলল --
“আপনার ব্যাপার কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন বাস কিন্তু চলছে না ।”
আমি ওই ভদ্র মহিলার কথায় বিশ্বাস করলাম । দাঁড়িয়ে রইলাম বাসের জন্য ।
এতক্ষণ পর লক্ষ্য করলাম রাস্তার ওই পারে আর এক ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ থেকে। বয়স আমার সমান হবে । আমি বাসের অপেক্ষায় , বাস যেদিক থেকে আসবে সেদিকে চেয়ে রইলাম । এরই মাঝে মেয়েটার সঙ্গে আরও দু'বার চোখাচোখি হল । মেয়েটার চোখে কেমন যেন কৌতুহল । চোখের কোন দিয়ে মিষ্টি মিষ্টি হাসছে। অচেতনভাবেই আমার আঙ্গুলগুলো চুল গুলোকে গুছিয়ে নিল । পকেটে হাত দিয়ে আমি দাঁড়ালাম । আবার একবার চোখাচোখি হল। আমি চোখ ঘুরিয়ে দেখলাম বাস আস্তে আর কতটা দেরি। ঘড়ি দেখলাম । আবার চোখাচোখি। মেয়েটি এবারে রাস্তা পার করে আমার দিকেই আসছে । এদিকে বাসও এসে গেছে । বাসের হ্যান্ডেল ধরে ফেলেছি। পা টা দেবো জাস্ট । এমন সময় মেয়েটি পিছন থেকে ডেকে বলল --
“এটা রাখুন । ভালো থাকবেন । ”
আমি অবাক হয়ে বললাম -- “কি ?”
দেখলাম একটা ভিজিটিং কার্ড ।
-- “কি হবে ।”
-- “আপনি সুস্থ থাকবেন ।”
কন্টাকটার তাড়া দিল -- “ উঠুন উঠুন”
ভিজিটিং কার্ডটা হাতের মুঠোয় নিয়ে বাসে উঠলাম। বাসের সিটে বসেই প্রথমেই কার্ডটি দেখি । বড় বড় অক্ষরে লেখা, -
“অতিরিক্ত ওজন মানে নিঃশব্দ মৃত্যু । ওজন বা ভুঁড়ি কমানো খুব সহজ।” ওষুধ ছাড়া সুস্থ থাকার একমাত্র পদ্ধতি”
সেই সঙ্গে গুরুদাস পাল নামে এক লোকের নাম এবং সঙ্গে মোবাইল নাম্বার । বাসে বসেই কেমন যেন অপমান ফিল করলাম । আমি কি সত্যিই মোটা ? এই অপমানের বিচার চাই ।
গল্প :- বিচার চাই
কলমে - ওয়াসিম বারি ©
২২ শে ডিসেম্বর ২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন