ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। হাওড়া শহর ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত, সবকিছুই যেন এক রহস্যময় চাদরে মোড়া। শীতের কুয়াশা যেন শহরকে অন্য এক রূপ দিয়েছে। হাওড়া স্টেশনের চিরচেনা ব্যস্ততা আজ খানিকটা স্তিমিত। ট্রেনের বাঁশির শব্দ কম, আর প্ল্যাটফর্মের মানুষের মুখে বিরক্তির ছাপ।
অরুণেশ, প্রতিদিনের মতো আজও ভোরে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল। সে প্রতিদিন ধরত হাওড়া - বর্ধমান কড লাইনের ট্রেন , যা সাধারণত সকাল ৬টা ৪০ মিনিটে প্ল্যাটফর্মে ঢোকে। কিন্তু আজ ট্রেনের খবর নেই। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অরুণেশ চারিদিকে তাকাল। কুয়াশার কারণে সামনের প্ল্যাটফর্মটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না। চারপাশে অপেক্ষারত যাত্রীরা নিজেদের মধ্যে ট্রেনের দেরি নিয়ে আলোচনা করছিল।
“কুয়াশা পড়লে এমনটাই হয়,” পাশের এক ভদ্রলোক বলে উঠলেন। “আমি তো প্রতি বছর দেখছি, ডিসেম্বর এলেই ট্রেনের সময়ের ঠিক থাকে না। উত্তর দিকের ট্রেনগুলোতে কুয়াশার প্রভাব বেশি পড়ে।”
অরুণেশের একটু দেরি হলেও অফিস যাওয়া নিয়ে বেশি চিন্তা ছিল না। সে দাঁড়িয়ে থেকে ভাবতে শুরু করল, “এই কুয়াশার মধ্যে কি গল্প লেখা যায় না? শহরের এই রহস্যময় সকাল, ধীরে ধীরে জেগে ওঠা জীবন... সবই তো কবিতার মতো!”
ঠিক তখনই প্ল্যাটফর্মের মাইকে ঘোষণা হল, “ ৩৭৮১৯ আপ হাওড়া বর্ধমান কড লোকাল ৭টা ২০ মিনিটে প্ল্যাটফর্মে আসবে।”
ঘড়ির দিকে তাকিয়ে অরুণেশ দেখল, আর ১৫ মিনিটের অপেক্ষা। সে স্টেশনের চায়ের দোকানে গিয়ে এক কাপ গরম চা নিল। দোকানের কাকু মুচকি হেসে বললেন, “কুয়াশা পড়লে আমাদের চা বিক্রিও বেড়ে যায়। ট্রেন দেরি মানেই বেশি চা!”
চায়ের কাপ হাতে অরুণেশ ধীরে ধীরে হাঁটতে লাগল। স্টেশনের কুয়াশার মধ্যে দিয়ে সে দেখল, এক বৃদ্ধ দম্পতি প্ল্যাটফর্মে কম্বল মুড়িয়ে বসে আছেন। হয়তো তাঁরা গ্রামে ফিরবেন। একটি ছোট মেয়ে বাবার হাত ধরে ট্রেনের অপেক্ষায় ঘুমিয়ে পড়েছে। প্ল্যাটফর্মে জীবনের কত রকম ছবি!
ট্রেন ঢোকার সময় হয়েছে। ধোঁয়া ভেদ করে রাজেন্দ্রনগর এক্সপ্রেস ঢুকল প্ল্যাটফর্মে। অরুণেশ ট্রেনে উঠল। জানলার পাশের সিটে বসে কুয়াশায় মোড়া শহর দেখতে লাগল। মনে মনে ঠিক করল, অফিস থেকে ফেরার পর আজকের কুয়াশামাখা হাওড়া নিয়ে একটি গল্প লিখব।
এইভাবেই কুয়াশা তার প্রথম প্রভাব ফেলে হাওড়া শহরের জীবনে, আর অরুণেশের মতো লেখকের মনে। কুয়াশার দিনগুলো যে শুধু দেরি আনে তা নয়, বরং নতুন ভাবনার জন্ম দেয়।
গল্প - কুয়াশার চাদরে হাওড়া: এক সকালবেলার গল্প
কলমে - ওয়াসিম বারি ©
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন