সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উৎসবেও আছি

অভয়ার সকালটা ছিলো অন্য সব দিনের চেয়ে আলাদা। আজ ষষ্ঠী, বছরের সেই বিশেষ দিন, যেদিন তার এবং তার বন্ধুদের কলকাতার নামী পূজা মণ্ডপে ঘোরার পরিকল্পনা ছিল। রাতের পূজা দেখার আনন্দ, সেই মণ্ডপের আলোর ঝলকানি আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উত্তেজনা তার মনকে উৎফুল্ল করে তুলেছিল।

সকালটা শুরু হয়েছিল বন্ধুদের সঙ্গে চ্যাটিং করে। ঘুম ভাঙার পর থেকেই আলোচনা শুরু— কে কী পরবে, কবে দেখা হবে, আর কোন মণ্ডপগুলোতে যাবে।  তবে অভয়া, তার স্বভাবসুলভ আলসেমির কারণে, বিছানা ছাড়তে নারাজ। মায়ের বারবার তাগাদায় ঘুম থেকে ওঠার দু’ঘণ্টা পর বিছানা ছাড়ে। উঠেই প্রস্তুতি শুরু। আলমারির সামনে দাঁড়িয়ে কোন শাড়িটা পরবে সেটা বেছে নিচ্ছিল। অবশেষে সে তার নীল রঙের পছন্দের শাড়িটা পরে নিল।

বিকেল গড়িয়ে সন্ধ্যায়, সবাই মিলে মিলিত হয়। অভয়া, তার তিন বন্ধু – রিয়া, তনয় আর সৌরভ মিলে একটা উবের বুক করল। গন্তব্য ছিল একের পর এক নামকরা পূজামণ্ডপ। কিন্তু সন্ধ্যে বেলায় মণ্ডপে ঢোকার সেই দীর্ঘ লাইন! প্রথমেই যাত্রা শুরু হয়েছিল প্রতিভা দর্শনের মণ্ডপ থেকে। বিশাল লম্বা লাইন, সারারাত লেগে যাবে মনে হলো। তবে সেসব নিয়ে কোনো চিন্তা ছিল না অভয়ার। সে তার বন্ধুদের সঙ্গে গল্পে মেতে ছিল, একহাতে বাদাম ভাজা নিয়ে আরেক হাতে ফোনে ক্যামেরা খুলে সেলফি তুলতে ব্যস্ত।

মণ্ডপের ভিড়ের মাঝে হঠাৎ করেই অদ্ভুত এক আওয়াজ তার কানে আসে। দূরে কোথাও থেকে কে যেন চিৎকার করছে— "জাস্টিস ফর আরজিকর!" আওয়াজটা ধীরে ধীরে পুরো মণ্ডপে ছড়িয়ে পড়ে। মণ্ডপের লম্বা লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষজনও একসঙ্গে ধ্বনি তুলতে শুরু করে— "জাস্টিস ফর আরজিকর!" মুহূর্তের মধ্যেই মণ্ডপের পরিবেশ পাল্টে যায়। লাউড স্পিকারে বেজে ওঠে অরিজিৎ সিং এর “আর কবে, আর কবে” গান। হাজারে হাজারে মানুষ সেই গানের সঙ্গে গলা মেলায়। ঢাকের সঙ্গে 'জাস্টিস ফর আরজিকর' 'আর কবে আর কবে' গানের যুগলবন্দী চলতে থাকে । 

হাতের বাদাম মুঠোর মধ্যে ভরে শক্ত  হাত আকাশে তোলে অভয়া। চিৎকার করে ওঠে আর। রিয়া প্রথমে অবাক হয়ে যায় । কি করবে বুঝতে পারে না । কিন্তু তাৎক্ষণিক উত্তেজনায়  বলে ওঠে -"শিরদাঁড়া সোজা করো বন্ধু / আমার তোমার বিচার চাই শুধু" । তনয় আর সৌরভ মোবাইল এর ফ্ল্যাশ টা জ্বলতেই হাজার হাজার ফ্ল্যাশ জ্বলে ওঠে মন্ডপের মধ্যে । 

অভয়া ধীরে ধীরে উপলব্ধি করে, উৎসবের আনন্দের পাশাপাশি এই শহরের প্রতিটি কোণে চলছে অন্য এক সংগ্রাম। পূজার আলো আর বাদ্যযন্ত্রের ভিড়ে হারিয়ে যায় না সেই আওয়াজ— "জাস্টিস ফর আরজিকর!"

গল্প :- উৎসবেও আছি 
কলমে :- ওয়াসিম বারি 
05 October 2024


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যাহ্‌! একটা ভোট কমে গেল!

বৈশাখের দ্বিতীয় সপ্তাহ চলছে। ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজলেও সূর্যের তেজ জানান দিচ্ছে—বেলা বুঝি দুপুর গড়িয়েছে। সূর্যটা ঠিক মাথার ওপর আসন গেড়ে বসেছে, যেন আগুনের হলকা ছড়াচ্ছে চারদিকে। কাজের তাগিদে ঠিক সময়েই বেরিয়েছিলাম, কিন্তু মশাট তিন মাথার মোড়ে এসে বরাবরের মতো জ্যামে আটকে গেলাম। এই মোড়টা যেন চিরকালই অস্থির। রাস্তার অনেক পেছনেই দাঁড়িয়ে থাকতে হলো আমায়। মাথার ওপর ঠা ঠা রোদ, মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। চারদিকের উত্তাপ আর ঘামের গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম। সামনে থাকা বাইক আর অটোচালকরা রোদের হাত থেকে বাঁচতে মরিয়া; জ্যাম ছাড়ানোর কোনো লক্ষণ নেই দেখে তারা অনবরত হর্ন বাজিয়ে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছে। কান ঝালাপালা করা সেই হর্নের শব্দে বাতাসের তপ্ত ভাবটা যেন আরও বেড়ে গেল। এমন সময় জ্যামের উল্টো দিক থেকে দেখা গেল চারজন লোককে। কাঁধে তাদের বাঁশের খাটিয়া। সাদা কাপড়ে ঢাকা একটি নিস্প্রাণ দেহ বয়ে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। মৃত মানুষটার বয়স খুব বেশি হলে চৌষট্টি। এক অদ্ভুত জাদুকরী নীরবতা নেমে এল মুহূর্তেই। একটু আগে যারা অধৈর্য হয়ে হর্নের ওপর আঙুল চেপে ধরেছিল, তারা এক নিমেষেই শান্ত হয়ে গেল। ...

সবই তাঁর ইচ্ছা

“সবই তাঁর ইচ্ছা।” অনেকে খুব উচ্চাকাঙ্ক্ষী। কারও স্বপ্ন ডাক্তার হওয়ার, কারও উকিল হওয়ার, কারও বা আইপিএস অফিসার। আবার কেউ কেউ কল্পনাবিলাসী— তারা হতে চায় আকাশ, নদী, পাহাড়, পাখি। কিন্তু আমার চাওয়াটা একটু অন্যরকম। আমি হতে চাই এক পুরোনো মাজারের নিঃশব্দ বাসিন্দা। লম্বা দাড়ি— বহুদিনের অযত্নে জট পাকিয়ে গেছে। গায়ে কালো রঙের মলিন আলখাল্লা, মাথায় বাঁধা একটা সবুজ রুমাল। যত্নের অভাবে হাত-পায়ের চামড়া খসখসে, তবু শরীরজুড়ে ভেসে বেড়ায় তীব্র আতরের গন্ধ। হাতে থাকবে ময়ূর পালকের ঝাড়ু। আমি বসে থাকব নীরবে। দূর দূরান্ত থেকে মানুষ আসবে— নিয়ে আসবে তাদের অসুখ, তাদের দুঃখ, তাদের জমে থাকা দীর্ঘশ্বাস। সব কথা শুনে আমি শুধু মিষ্টি করে হাসব, আকাশের দিকে আঙুল তুলে বলব— “সবই তাঁর ইচ্ছা।” -Wasim Bari © 15 January 2026

তিতীনের নৌকা

 || তিতীনের নৌকা || শহরের এক কোণে, গলির ধারে একটা ছোট্ট বইয়ের দোকান আছে—"বইয়ের নীড়"। ওখানে রোজ সন্ধ্যায় এক চুপচাপ মানুষকে বসে থাকতে দেখা যায়। সে তিতীন। হাতে পুরনো একটা বই, চোখ তার পাতায় ডুবে থাকে, আর ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসির নৌকা। লোকজন ভাবে, তিতীন নিশ্চয়ই খুব গম্ভীর। তিতীন কম কথা বলে, কিন্তু যখন বলে, তখন সেই কথার মানে বোঝার জন্য সময় লাগে। যেন একরকম ধাঁধা! একদিন সন্ধ্যায়, অনামিকা নামে এক তরুণী দোকানে ঢুকল। তার চোখে কৌতূহল, হাতে একগুচ্ছ পুরনো বই। — "আপনার এই হাসিটা কেমন জানি, রহস্যময়!" তিতীন বই বন্ধ করল। তাকিয়ে থাকল অনামিকার দিকে, খানিকক্ষণ চুপচাপ। তারপর ধীর গলায় বলল— — "একটা ছোট্ট নৌকা আছে, সেটাকে মাঝেমাঝে ভাসিয়ে দিই।" — "মানে?" অনামিকা অবাক। — "মানে, কিছু কথা বলা হয় না, কিন্তু তারা ভেসে থাকে। আমার ঠোঁটের কোণে, এক নৌকার মতো।" অনামিকা হেসে ফেলল। "আপনি তাহলে এক ধরনের কবি!" তিতীন মাথা নাড়ল, "নাহ্, আমি শুধু একজন পাঠক। জীবন পড়ি, মানুষ পড়ি, বই পড়ি।" তারপর সে তাকাল অনামিকার চোখের দিকে, যেখানে নীরব প্রশ...