বাইকে ফিরছি । রাত হয়েছে অনেক । রাস্তা সুনসান । একটা বট গাছ সামনে । এমনিতেই ভয় করছে । মনে হচ্ছে পিছনের সিটে কে যেনো বসে আছে । ভয়ে পেট্রোল ট্যাংকের উপর উঠে বাইক চালাচ্ছি । বট গাছের নিচে দিয়ে যাবার সময় গা টা কেমন শিউরে উঠলো। তারপর থেকেই বাম চোখ টা নাচছে । মনে হচ্ছে কেউ যেনো ফলো করছে । দু চোখের আড়াল করছে না । ঘরে জমজম পানি ছিলো । খেলাম সেই সঙ্গে একটু পানি মাথায় ও বুকে ছিটিয়ে দিলাম । উফফ অনেকটা স্বস্তি পাওয়া গেলো । ঘুম পাচ্ছে , কিন্তু শোবার আগে বই পড়ার অভ্যাস । মানুষ অভ্যাসের দাস । বই টা খুলে আধা পাতা পড়েছি । গল্পের নায়িকা কে তোলার জন্য নায়ক হাত বাড়িয়েছে । গল্পের গভীরে প্রবেশ করে এখন আমি নায়ক । যেনো আমি হাত বাড়ালাম । নায়িকাও হাত বাড়িয়েছে । নরম হাত । একি ! আমার হাত টেনে বই এর ভিতর নিয়ে চলেছে । হাতটা পুরো বই এর মধ্যে প্রবেশ করে গেছে । আমি চিৎকার করছি । যত দুআ জানি সব পড়ছি । কিন্তু কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না । প্রাণপন চেষ্টা করছি বই থেকে বের হতে । যতই চেষ্টা করছি ততই ভিতরে চলে যাচ্ছি । সুন্দর কোমল হাতের অধিকারিণী নায়িকার হাত তীক্ষ্ম নখ ওয়ালা । বড়ো বড়ো টানা টানা চোখ লাল কটকটে করে চেয়ে আছে .....
ঘেমে নেয়ে দেখি দুটো পঁয়তাল্লিশ । ঘরে নীল রঙের নাইট লাইট জ্বলছে । গল্পের বই টা পাশে পড়ে ।
অনুগল্প - কেনো এমন হয় ?
কলমে - ওয়াসিম বারি ©
01 নভেম্বর 2023
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন