পৈতে বাড়ির নিমন্ত্রণ । চারিদিক হই হই রই রই । ঝলমলে আলোক রশ্মি । বন্ধুদের মাঝে গল্পে ব্যস্ত বিশু । স্কুলের বন্ধুরা এসেছে সবাই । বহুদিন পর দেখা হওয়ার আনন্দই আলাদা । বিশু চোখে মুখে ঝরে পরছে আনন্দের ফুল ঝরি। এমন সময় বন্ধুদের মাঝে উপস্থিত হলো আর এক সদস্য । সবাই তো এক সাথে চিৎকার করে উঠলো - "তুই আসবি ভাবতে পারিনি!" সত্যিই অবাক হওয়ারই কথা । শর্মি কলেজে পাস করার পর থেকে আর বের হয়নি । বাড়িতে অনেক বুঝিয়ে বান্ধবীর ভাইয়ের পৈতের বাড়িতে উপস্থিত হয়েছে । সবাই খুশিতে চিৎকার করে উঠলেও এতক্ষণ আনন্দে থাকা বিশুর মধ্যে একটা লাজুক ভাব লক্ষ্য করা যায় । এমনিতে নরমাল থাকার চেষ্টা করে কিন্তু বিশুর মোটা গোঁফের আড়ালের হাসিটা কেমন যেন পাল্টে যায় ।
মাধ্যমিক পাস করে ইলেভেন এ ভর্তি হওয়ার পর থেকেই বিশুর মনে কোমল জায়গা করে নিয়েছিল শর্মি । কিন্তু বলে ওঠা হয়নি । আজকালকার ছেলে মেয়ে হলে হয়তো হয়ে উঠতো । কিন্তু ওটা ছিল ২০০০ সাল । শর্মির মনেও হয়তোবা কিছু একটা ছিল, সেও যুগের নিয়ম মেনে কিছুই বলেনি বিশুকে। দুজনেই স্কুলের দুটি বছর এবং কলেজের তিনটি বছর একে অপরকে আড় চোখে দেখেছে আর রোমাঞ্চিত হয়েছে। মনের কথা মনেই থেকে গেছে ।
এমন সময় ডাক পরে খাবার । ঘর ফাঁকা করে সবাই চলে যায় খেতে । বিশু রয়ে যায় বসে । দুজনের পরে বসে থাকা শর্মিও উঠে না । বিশু নাকি আমিষ খায় না । তাই ও খাবেনা । নিমন্তন্ন বাড়িতে এসে খাবে না বললে হয় নাকি ! বিশুর জন্য ফুলকো লুচি আর আলুর দমের ব্যবস্থা করা হলো । পরিবেশনের দায়িত্ব দেওয়া হলো শর্মি কে । বান্ধবী মধু (মধুরিমা) বলে গেল - " দেখ ভাই শর্মি আমি একটু ওদিকে ব্যস্ত আছি, তুই বিশুকে একটু খাইয়ে দে প্লিজ।" লুচি আলুর দম বিশুর ফেভারিট হলেও সেদিন কোনোভাবেই তার মুখে উঠছিল না । শর্মিও যে একটু জোর করে খাওয়াবে তা না লাজুক ভাবে বিশুকে শুধু তাকিয়ে আছে । দুজনের মধ্যে কথা হয়েছে দুইটি বাক্য মাত্র । শর্মি খালি একবার লাজুক কন্ঠে বলেছে "তুমি যে কিছুই খাচ্ছ না?" বিশু উত্তর দিয়েছে সে নাকি বেশি খায় না । অথচ লুচি আলুর দম পেলে কুড়িটার আগে থামেনা যে ছেলে । এরই মধ্যে হই হই করতে করতে বাকি বন্ধুরা ঘরে ঢুকলো । দুজনেরই মুখ কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল । বলতে লাগলো কে কটা মিষ্টি খেয়েছে, কে কটা লুচি খেয়েছে , আরো সব কত কি । এসব কথায় শর্মী বিশু কারোরই কান নেই । ওরা তখন নীরব এক রোমান্টিক আবহে ভেসে বেড়াচ্ছে । হঠাৎ শর্মি ঘড়ির দিকে তাকায় । অনেক দেরি হয়েছে । আর বেশি ক্ষন থাকা যাবে না । “আসি রে সবাই” বলে উঠে দাঁড়ালো। বিশু কে আলাদা করে বললো ‘আসি ’ । হঠাৎ একটা কালবৈশাখীর ঝড় আছড়ে পড়লো বিশুর বুকে । আর কিছুক্ষণ থাকলে হতো না ! চিৎকার করে বলতে লাগল বিশুর মন কিন্তু মুখে কিছু বলতে পারল না।
আজ দু’দশক পরও একরাত্রি নিমন্তন্ন বাড়ির ওই ঘটনা আজও বিশুর বুকে জীবন্ত । হয়তো শর্মিও আকড়ে রেখেছে এই একটি রাত্রির অপ্রকাশিত প্রেমের স্মৃতিকে । ভালোবাসা তো হতো সেই সময়ে, এখন তো হয় শুধু ভালোবাসার খেলা ।
✒️ওয়াসিম বারি ©
8 মার্চ 2023
Osadharon hoyeche.❤️ Pore mone holo jeno okhane amrao pouche gechi. 👏👏👏👏👏👏
উত্তরমুছুনধন্যবাদ । মুল্যবান এই কমেন্ট আমাকে ভবিষ্যতে আরো লিখতে অনুপ্রাণিত করবে ।
উত্তরমুছুন